নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে আরও ১২ জনের শরীরে কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে; এ সময়ে মৃত্যু হয়নি কারও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১২ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৫৬ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪১ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৪৫৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪১ জন রয়েছে।
সবশেষ ১১ জানুয়ারি দেশে কভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল। তারপর গত ১২ দিন ধরে কভিডে মৃত্যুহীন বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় ২১০ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯১ হাজার ১৭০ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৫ জনই চট্টগ্রামের বাসিন্দা। এছাড়া রাজশাহীতে দুজন এবং ঢাকা, কক্সবাজার, রংপুর ও নীলফামারীতে একজন করে নতুন রোগী ধরা পড়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভেরিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
এদিকে বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৭ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৬ কোটি ৮৯ লাখ।




