Print Date & Time : 26 April 2026 Sunday 11:14 pm

কভিডে ১৫ জনের মৃত্যু শনাক্ত ৩,৯২৯

নিজস্ব প্রতিবেদক:দেশে গত ২৪ ঘণ্টায় কভিড আক্রান্ত নতুন রোগীর সংখ্যা চার হাজারের নিচে নেমে এসেছে। সেই সঙ্গে কমেছে আগের ২৪ ঘণ্টার তুলনায় নতুন রোগী ও মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯২৯ জন। মারা গেছেন ১৫ জন। তার আগের দিন চার হাজার ৭৪৬ জন নতুন রোগী আর ৩৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর।

গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত শনাক্তের হার নেমে এসেছে ১৩ শতাংশের নিচে; ১২ দশমিক ২০ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া তিন হাজার ৯২৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন। আর ১৫ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৮ হাজার ৮৮৭ জন।

কভিডে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭৫৭ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৮৭৭টি আর পরীক্ষা হয়েছে ৩২ হাজার ২০৭টি।

দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৪৫২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৮ লাখ ১০ হাজার ২৮১টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ লাখ ৮৬ হাজার ১৭১টি।

দেশে এখন পর্যন্ত কভিড রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৪ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।

যে ১৫ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১০ জন আর নারী পাঁচজন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৪৪৫ জন আর নারী ১০ হাজার ৪৪২ জন।

বয়স বিবেচনায় তাদের মধ্যে চারজন করে আছেন ৪১ থেকে ৫০ বছরের, ৬১ থেকে ৭০ বছরের আর ৭১ থেকে ৮০ বছরের। আর ১১ থেকে ২০ বছরের, ২১ থেকে ৩০ বছরের এবং ৮১ থেকে ৯০ বছরের আছেন একজন করে।

মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন পাঁচজন আর চট্টগ্রাম বিভাগের আছেন চারজন। বাকিদের মধ্যে খুলনা বিভাগের দুইজন আর রাজশাহী, বরিশাল সিলেট ও রংপুর বিভাগের আছেন একজন করে। ১৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৩ জন আর বেসরকারি হাসপাতালে দুইজন।