Print Date & Time : 23 April 2026 Thursday 4:19 am

কভিড: দেশে মৃত্যুহীন সপ্তাহ পার

নিজস্ব প্রতিবেদক: দেশে টানা সপ্তম দিন কভিডে কারও মৃত্যুর খবর আসেনি, গত এক দিনে শনাক্ত হয়েছেন ১০ কভিড রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এক হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করার মাধ্যমে নতুন ওই ১০ রোগী শনাক্ত হন। তাতে দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে দশমিক ৫৩ শতাংশ, যা আগের দিন দশমিক ৩৯ শতাংশ ছিল। সর্বশেষ বছরের প্রথম দিন একজন কভিড রোগীর মৃত্যুর খবর এসেছিল। তারপর টানা এক সপ্তাহ নতুন কারও মৃত্যু হয়নি এ কভিডে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ২৫০ হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪০ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০৫ কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৮ হাজার ৪৭৫ জন।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে আটজন ঢাকার বাসিন্দা। এছাড়া শেরপুরে একজন এবং রাজশাহীতে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাংলাদেশে কভিডের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভেরিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হন। প্রথম রোগী শনাক্ত হওয়ার ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে কভিডে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৭ লাখ তিন হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত রোগী ছাড়িয়েছে ৬৬ কোটি ৩১ লাখ।