Print Date & Time : 23 April 2026 Thursday 9:22 am

কমিশনের ভাবমূর্তি উজ্বল করাই ডুসার মূল লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক : “দুর্নীতি দমনে কমিশনের পাশে থেকে কমিশনের ভাবমূর্তি উজ্বল করাই দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি দমন এবং প্রতিরোধে কমিশনের সহযোগী হিসেবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা বিগত এক বছরে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন এর কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন।

২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে। গত এক বছরে ডুসা দুদকে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সহায়তা, মরহুম কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক সহায়তা; দেশের বিভিন্ন এলাকার বন্যা দুর্গতদের ত্রাণ প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন জাতীয় দিবস পালন করেছে। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে নানামুখী কাজ করেছে।

২০২৩ সালে নতুন বছরে ডুসা সকলের সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে অতীতের যে কোন সময়েরে চেয়ে অধিকতর সক্রিয় ভূমিকা পালন করবে মর্মে প্রত্যয় ব্যক্ত করা হয়। ডুসা’র সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সরকার ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডুসা কাজ করে যাবে।

ডুসা প্রত্যাশা করে অনাগত দিনে দুদকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণ সাধন এবং দেশের দুর্নীতির লাগাম টানার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। ডুসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।