নিজস্ব প্রতিবেদক: চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাসে আক্রান্ত প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনা বলেন, আক্রান্তদের দুর্দশা লাঘবে চীনকে যে কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ ও জনগণ প্রস্তুত রয়েছে।
গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। জানা গেছে, শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন, আমরা বিশ্বাস করি চীন তার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা ও নির্মূল করতে সক্ষম।
চীনের প্রেসিডেন্টকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার সুযোগ্য নেতৃত্বে চীন সরকার সর্বোচ্চ দক্ষতা ও নিয়ন্ত্রণের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে। সংকট নিরসনে একটি টাস্কফোর্স গঠন ও জরুরি হাসপাতাল স্থাপন সময়োপযোগী ও প্রশংসনীয়। বাংলাদেশ সরকার আক্রান্তদের দুর্দশা লাঘবে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সংকটজনক মুহূর্তে উহানসহ দেশটির অন্যান্য এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিক ও শিক্ষার্থীদের সুরক্ষা দেয়ায় চীনের নেতাদের ধন্যবাদ জানান। শেখ হাসিনা প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট শির গতিশীল নেতৃত্বের কারণে চীন উন্নয়নের বিশ্ব মডেল হয়ে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে এশীয় অঞ্চলে আপনার অবদান সত্যই প্রশংসার দাবিদার।
ওই চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ অনুষ্ঠেয় ‘মুজিববর্ষ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতির প্রতি তার আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।
প্রসঙ্গত, চীনে করোনাভাইরাস সংক্রমণে দেশব্যাপী এ পর্যন্ত অন্তত প্রায় এক হাজার ৪০০ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে মৃতের হার দুই শতাংশের নিচে নেমে এসেছে। এ ভাইরাসে আক্রান্ত হওয়া সাড়ে পাঁচ হাজার ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
