Print Date & Time : 26 April 2026 Sunday 3:05 am

করোনা উপসর্গে রামেকে ৩ জনের মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে তিন যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার  রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে তিনজনের প্রাণহানি ঘটেছে। তারা সবাই করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। এদিন করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মৃতরা হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। শনিবার সকাল ৯টা পর্যন্ত এ ওয়ার্ডে শয্যা সংখ্যা রয়েছে ২৪টি। তার মধ্যে রোগী ভর্তি রয়েছেন ১৩ জন। যেখানে গতকালও ১২ রোগী চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ৪ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৪ জন রোগী।

এদিকে, শুক্রবার রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যাদের মধ্যে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশে।