Print Date & Time : 26 April 2026 Sunday 2:57 pm

কুড়িগ্রামে ৩১৯১ লিটার সয়াবিন তেল জব্দ

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামে অবৈধভাবে মজুত করা ২ হাজার ৯৫৫ বোতল সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর তালতলা এলাকায় ভাই ভাই ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, তালতলার ভাই ভাই ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের গুদামে নতুন নির্ধারিত দামের তেলের বোতলের সঙ্গে আগের নির্ধারিত দামের ২ হাজার ৮৯৬টি এক লিটার পরিমাপের বোতল এবং ৫৯টি পাঁচ লিটার পরিমাপের বোতলে মোট ৩ হাজার ১৯১ লিটার তেল উদ্ধার করা হয়।

যথাযথভাবে তেল বিক্রি না করার অপরাধে প্রতিষ্ঠানমালিক মোশাররফ হোসেন মনিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। গুদামে রক্ষিত আগের দামের সব তেল গায়ের দামে (১ লিটার ১৬০ টাকা, ৫ লিটার ৭৬০ টাকা) সাধারণ ভোক্তার কাছে বিক্রির ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।