সুদহার সর্বোচ্চ সাড়ে ৫%

ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য ১,৩০০ কোটি টাকার ঋণ এডিবির

নিজস্ব প্রতিবেদক: সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের সচল ও অর্থনীতি পুনরুজ্জীবিত করতে পৃথক এক হাজার ২৯০ কোটি টাকার একটি ঋণ তহবিল গঠন করেছে সরকার। এই ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ খাত থেকে অর্থ নিয়ে ঋণ বিতরণ করতে পারবে।

গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়েছে, একজন উদ্যোক্তা সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। এ জন্য ক্ষেত্রবিশেষে ব্যাংকগুলো জামানতের শর্ত শিথিল করবে।

জানা গেছে, তহবিল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ নেবে এক দশমিক ৫০ শতাংশ হারে। এ ঋণের সুদহার হবে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সাড়ে পাঁচ শতাংশ। এসব ঋণের মধ্যে কমপক্ষে ২০ শতাংশ দিতে হবে নারী উদ্যোক্তাদের।

নারী উদ্যোক্তাদের বিষয়ে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের ৫১ শতাংশ শেয়ার নারীদের থাকলে বা কর্মরত জনবলের বেশিরভাগ নারী হলে তা নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবে। এর বাইরে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সংজ্ঞাকে বিবেচনায় নেয়া হবে। এসব ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর। অর্থাৎ ঋণগ্রহীতাদের পাঁচ বছরের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। গতকালের চিঠিতে উল্লেখ করা হয়, কর্মসৃজনে এ খাতে সহজ শর্তের এসব ঋণ দিচ্ছে এডিবি যাতে কভিড-১৯-এ বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে।