Print Date & Time : 26 April 2026 Sunday 6:24 pm

খুলনায় তরুণীকে পাচার মামলায় দম্পতির মৃত্যুদণ্ড

প্রতিনিধি, খুলনা: খুলনায় ভালো বেতনে কাজের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ভারতে পাচার ও অনৈতিক কাজের জন্য বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আবদুস সালাম খান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি নগরীর খানজাহান আলী থানা এলাকার বাসিন্দা মো. শাহীন শেখ ও তার স্ত্রী আছমা বেগম ওরফে সালমা পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ২০০৯ সালে নগরীর খানজাহান আলী থানা এলাকার এক বাসিন্দার মেয়েকে ভালো বেতনে চাকরি দেয়ার কথা বলে আসামিরা ভারতে পাচার করে। সেখানে অনৈতিক কাজের জন্য তাকে বিক্রি করা হয়।

ঘটনা জানার পর মেয়েকে ফেরত চাইলে আসামিরা ক্ষতিপূরণ বাবদ তার পরিবারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা লাকি বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে খানজাহান আলী থানায় মামলা করেন। মামলায় মোট আটজন সাক্ষ্য দেন।