Print Date & Time : 21 April 2026 Tuesday 4:11 am

খুলনায় পুকুরে ডুবে দুই যমজ শিশুর রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি, খুলনা: খুলনার তেরখাদা উপজেলার একটি পুকুর থেকে আড়াই মাস বয়সী দুই যমজ মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের খায়ের শেখের বাড়ির পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

শিশুদের পরিবারের সদস্যরা জানান, ওই দুই শিশুর নাম মনি ও মুক্ত। তাদের বাবা মাসুম বিল্লাহ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। শিশু দুজনের মা কনা বেগম সন্তানসম্ভবা হওয়ায় তার বাবার বাড়ি কুশলা গ্রামে থাকতেন। বৃহস্পতিবার রাতে কনা বেগম তার দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে হঠাৎ শিশুদের দেখতে না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করে বাড়ির পুকুরের মধ্যে দুই শিশুর লাশ দেখতে পান।

তেরখাদা থানার ওসি জহুরুল আলম বলেন, দুই শিশুর মধ্যে একজনের শিশুর চোখের নিচে রক্ত জমাট হয়ে আছে। শিশুদের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে। এ বিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।