প্রতিনিধি, ঝিনাইদহ : বিদ্যালয়ের সামনে খেলার মাঠে প্রবেশ বন্ধ করে প্রাচীর নির্মাণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থীরা।
গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার নিশ্চিন্তপুর সরকারি ভূষণ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
শিক্ষার্থীদের ভাষ্য, তাদের বিদ্যালয়ের সম্মুখ মাঠটি প্রাচীর দিয়ে বন্ধ করা যাবে না। মাঠটি ঘিরে দিলে তারা আর খেলতে পারবে না। শিশু শিক্ষার্থীরা মাঠ চায়, উন্মুক্ত মাঠে খেলাধুলা করতে চায়।
মানববন্ধনে অংশ নেয়া ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা শামিমা হোসেন রিপা বলেন, এ বিদ্যালয়টিতে প্রায় ২৫০ শিশু শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের
সামনে উন্মুক্ত মাঠে শিশুরা খেলাধুলা করে থাকে। কিন্তু সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ওই মাঠটি ঘিরে দিতে প্রাচীর নির্মাণের চেষ্টা করছে।
বিদ্যালয়ের সামনেই প্রাচীর দিলে মাঠটি অবরুদ্ধ হয়ে যাবে। শিশুরা মাঠে প্রবেশ করতে পারবে না। তারা খেলাধুলা থেকে বঞ্চিত হবে।
মানববন্ধনে অংশ নেয়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরও দাবি, তাদের শিশু শিক্ষার্থীদের জন্য মাঠটি মুক্ত রাখতে হবে, তারা যাতে খেলাধুলা থেকে বঞ্চিত না হয়।
প্রাচীর নির্মাণের বিষয়ে সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, বিদ্যালয়ের নিরাপত্তায় একটি প্রাচীর নির্মাণের টেন্ডার হয়েছে। এটি নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু হলে ভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় আপত্তি জানায়। বিষয়টির আইনি অবস্থা জেনে ব্যবস্থা নেয়া হবে।




