Print Date & Time : 25 April 2026 Saturday 9:24 pm

গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

প্রতিনিধি, গাংনী (মেহেরপুর) : মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামে খাস জমি দখলকে কেন্দ্র করে বিবদমান দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় তারা। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছেÑজালশুকা গ্রামের আব্দুল হান্নানের ছেলে জমির উদ্দিন (৪৫), আসাদুল ইসলামের ছেলে রিপন আলী (২৬), হায়াত আলীর ছেলে মিনারুল ইসলাম (৬০), আমির আলীর ছেলে তমসেল আলী (৭০), আজগর আলীর ছেলে একরামুল হক (৩৫), শাহিন আলীর স্ত্রী শিল্পী খাতুন (৩৫) ও মনিরুদ্দিনের ছেলে টুটুল হোসেন (৩৮), মোসলেম উদ্দিনের ছেলে গোলাম হোসেন গ্রুপের মৃত মফেজ উদ্দিনের ছেলে আরমান আলী (৬০),  আজিজারের ছেলে আব্দুর রহমান (৬৭), আরমান আলীর ছেলে উজ্জ্বল আলী (৩৯), আব্দুর রহমানের স্ত্রী জাহানুর খাতুন (৬২) ও নজরুল ইসলামের স্ত্রী মহিলা খাতুন (৫৫)।

গাংনী হাসপাতালের চিকিৎসক এমকে রেজা জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে দুই পক্ষকে বলা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।