প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রাণিকল্যাণ কর্মশালা।
আজ বুধবার (২১ মে) ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লায়ড এথোলজি (ISAE)-এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ কর্মশালা হয়।
“Animal Welfare: A Scientific, Ethical, and Sustainable Approach to Animal Management” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মশালার মূল লক্ষ্য ছিল প্রাণির আচরণ ও কল্যাণ বিষয়ে সচেতনতা সৃষ্টি, আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং নৈতিক ও টেকসই প্রাণিপালনে উৎসাহ দেওয়া।
সকালে গাকৃবির পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী জিন্নাহ। এতে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আফরাদ এবং ISAE-এর বাংলাদেশ প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জসীম উদ্দিন।
কর্মশালার উদ্বোধনী পর্বে ISAE-এর ডেভেলপমেন্ট অফিসার ও প্রেসিডেন্টের অডিও-ভিডিও বার্তায় প্রাণিকল্যাণ সংক্রান্ত গবেষণা, নীতিমালা ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রাণিকল্যাণ শুধু নৈতিক দায় নয়, এটি আধুনিক কৃষি ব্যবস্থাপনার একটি অপরিহার্য অংশ। গাকৃবি প্রাণিকল্যাণ বিষয়ে আন্তর্জাতিক মানের এ আয়োজন করে গর্বিত। এই কর্মশালা অংশগ্রহণকারীদের মাঝে নতুন জ্ঞান ও দৃষ্টিভঙ্গির দ্বার উন্মোচন করবে।
কর্মশালায় অনুষ্ঠিত দুটি টেকনিক্যাল সেশনে প্রাণিকল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন খ্যাতনামা ভেটেরিনারি বিশেষজ্ঞরা। আলোচনায় উঠে আসে খামারের প্রাণির আচরণ, জবাই প্রক্রিয়ার চ্যালেঞ্জ, পোষা প্রাণির কল্যাণ, পোলট্রির মানবিক ব্যবস্থাপনা, বন্যপ্রাণির সুরক্ষা এবং নৈতিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা।
সমাপনী অধিবেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার প্রাণিকল্যাণ বিষয়ক বর্তমান আইন ও নীতিমালার ওপর আলোকপাত করেন। দিনব্যাপী কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, এই কর্মশালা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রাণির জীবনমান উন্নয়ন ও মানবিক খামার ব্যবস্থাপনার পথকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
একে




