Print Date & Time : 8 April 2026 Wednesday 5:45 pm

গ্র্যামিতে অ্যাডেলের জয়জয়কার

শোবিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্টেপলস সেন্টারে গত রোববার বসেছিল গ্র্যামির এবারের আসর। আর ৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস থেকে বিজয়ীর বেশে ফিরলেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল।

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এ আসরে পাঁচটি পুরস্কার জিতলেন তিনি।

অ্যাডেলের গাওয়া সাড়াজাগানো ‘হ্যালো’-ই জিতেছে তিনটি পুরস্কার। বিভাগগুলো হলো: সং অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার ও বেস্ট পপ সলো পারফরম্যান্স। ২৮ বছর বয়সী এই তারকার ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবাম অব দ্য ইয়ার এবং সেরা পপ ভোকাল অ্যালবাম হিসেবেও পুরস্কৃত হয়েছে।

এবারের আসরে পুরস্কার নেওয়ার পাশাপাশি গানও গেয়েছেন অ্যাডেল। প্রয়াত সংগীতশিল্পী জর্জ মাইকেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘হ্যালো’ ও ‘ফাস্ট লাভ’ গান দুটি পরিবেশন করেন তিনি।