প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সিরাজদিখানে টিনের চালের উপর থেকে কবুতরের বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ছাত্রের নাম ফয়সাল দেওয়ান (১১)। সে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ভুইরা গ্রামের কুয়েত প্রবাসী মোঃ ফারুক দেওয়ানের ছেলে এবং ভুইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ভুইরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কবুতরের বাচ্চা আনতে ঘরের টিনের চালায় গেলে বিদ্যুৎতের টানা তারের সাথে বিদ্যুৎ স্পষ্ট হয়। এ সময়ে ফয়সালের চিৎকারে তার বাড়ির লোকজন এসে ফয়সালকে উদ্ধার করে উপজেলা মালখানগর ব্যাংক এশিয়া মা আমিরান হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত বলে ঘোষণা করে।
ভুইরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ফয়সাল আমার স্কুলের পঞ্চম শ্রেণীর খুবই মেধাবী ছাত্র ছিল তার এরকম মর্মান্তিক মৃত্যুতে খুবই খারাপ লাগছে।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে ওই ছাত্রের লাশ দাফন করবে পরিবার।




