Print Date & Time : 22 April 2026 Wednesday 5:21 am

চারদিনব্যাপি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু

ঢাকায় আজ থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ সম্মেলনটি দেশের বিনিয়োগ পরিবেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ তুলে ধরতে আয়োজিত হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ (বেজা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে ৫০টি দেশের ৫৫০ জনেরও বেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করছেন।

এ সম্মেলনের লক্ষ্য, রাজনৈতিক পট পরিবর্তন এবং শিল্পখাতের অস্থিরতা কাটিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার করা এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা।

সম্মেলনের পাঁচটি অগ্রাধিকার খাত- নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল ও পোশাক, স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস এবং কৃষি প্রক্রিয়াকরণে বিনিয়োগের সুযোগ তুলে ধরবে। এই খাতগুলোকে উচ্চ প্রবৃদ্ধি সম্ভাবনা ও বিশাল বিনিয়োগ সুযোগের জন্য চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বৃহত্তম অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর এবং জাপান। সম্মেলনের প্রথম দিনেই ‘বাংলাদেশ স্টার্ট-আপ কানেক্ট ২০২৫’ নামক একটি বিশেষ আয়োজন রাখা হয়েছে। যেখানে দেশীয় স্টার্ট-আপ পরিবেশ পর্যালোচনা করা হবে।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যবসায়িক নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে আয়োজকরা জানান, সম্মেলনে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও দুটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেনে ৬০ জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী।

সম্মেলনে পাঁচজন স্থানীয় এবং বিদেশি উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে।

এছাড়াও জার্মানি, চীন এবং দক্ষিণ কোরিয়া থেকে সম্মেলনে আসা ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

উল্লেখ্য, এটি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।