Print Date & Time : 24 April 2026 Friday 6:32 am

চুয়াডাঙ্গায় ৮০ হাজার ডলার উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছেন বিজিবি-৬ ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল বুধবার সকালে এসব ডলার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারই নির্দেশনায় ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির ও টহল কমান্ডার নায়েক ফারুক হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫ নম্বর খুঁটি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিলে এক অজ্ঞাত ব্যক্তি একটি ব্যাগ বহন করে নিয়ে যাওয়ার সময় সেটা ফেলে পালিয়ে যায়। বিজিবির সশস্ত্র টহল দল ওই চোরাকারবারিকে ধাওয়া করে তাকে আটক করতে ব্যর্থ হয়। এ সময় চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগটিতে তল্লাশি চালিয়ে সেখান থেকে কাগজের আটটি প্যাকেট মোড়ানো ডলার পাওয়া যায়। প্রতিটি  প্যাকেট থেকে ১০০ ইউএস ডলারের ১০০টি নোট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দর্শনা থানায় মামলা করা হয়েছে এবং উদ্ধার করা ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।