Print Date & Time : 22 April 2026 Wednesday 6:24 pm

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার নতিডাঙ্গা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে টোকন আলী (৩৮) নামে এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত টোকন আলী একই উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের ওদুছদ্দিনের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম জানান, বুধবার দুপুর ১২ টার দিকে ভাংবাড়ীয়া গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে বাঁশ বাগানের নিচে ৪ জন বসে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া ক্যাম্পের এএসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই চারজনকে ধাওয়া দেন। ঘটনাস্থল থেকে পুলিশ ২ জনকে আটক করলেও অপর ২ জন নদীতে ঝাঁপ দেয়। একজন সাঁতরে ডাঙায় আসলেও টোকন আলী নিখোঁজ হয়। আলমডাঙ্গা ফায়ার সাভির্সের কর্মীরা মাথাভাঙ্গা নদীতে খোঁজাখুজি করে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মাথাভাঙ্গা নদীর নতিডাঙ্গা গ্রামের কাছে থেকে টোকনের লাশ উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।