Print Date & Time : 20 April 2026 Monday 8:35 am

জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিনিধি, জামালপুর : ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও দুর্যোগ প্রশমন মহড়ার আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহজামাল (রহ.) উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্র্রাবস্তী রায়। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগে আতঙ্কিত না হয়ে সাহসিকতার সাথে দুর্যোগ মোকাবিলা করতে হবে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে খুব সহজেই কৌশল অবলম্বন করে দুর্যোগ মোকাবিলা করার আহ্বান জানানো হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে।