শেয়ার বিজ ডেস্ক: জার্মানির পার্লামেন্ট বুন্দেসট্যাগ নির্বাচনে জয়ী হয়েছে ফ্রেডরিক মের্ৎসের নেতৃত্বে রক্ষণশীল জোট। কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) তাদের ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়ছে। বর্তমান চ্যান্সেলর ওলাফ শলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) তৃতীয় অবস্থানে নেমে গেছে। খবর: পলিটিকো।
চূড়ান্ত ফল ঘোষণা না হলেও মের্ৎসের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এবং ব্যাভারিয়া প্রদেশভিত্তিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) একত্রে সাড়ে ২৮ শতাংশ ভোট পেয়ে অন্য সব দলের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। সিডিইউ অন্য দলের সঙ্গে জোট গঠনের চুক্তি সম্পন্ন করতে পারলে জার্মানির পরবর্তী চ্যান্সেলর হবেন ফ্রেডরিক মের্ৎস। তিনি ইস্টারের মধ্যেই দ্রুত সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাইরের বিশ্ব আমাদের জন্য অপেক্ষা করবে না, তেমনি দীর্ঘ জোট আলোচনা এবং দর-কষাকষির জন্যও অপেক্ষা করবে না এখন আমাদের দ্রুত কার্যক্ষমতা পুনরুদ্ধার করতে হবে, যেন আমরা দেশে সঠিক কাজ করতে পারি, যেন ইউরোপে আমাদের উপস্থিতি দৃঢ় হয়, যেন বিশ্ব দেখতে পারে যে জার্মানি আবারও নির্ভরযোগ্যভাবে পরিচালিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে জার্মানির ডানপন্থার দিকে ঝোঁকার প্রশংসা করে একে ‘জার্মানির জন্য এক দুর্দান্ত দিন’ বলে অভিহিত করেন। তবে বিজয় ঘোষণা করার পরপরই মের্ৎস সরাসরি টেলিভিশনে জানান, ট্রাম্পের সাম্প্রতিক ইউক্রেন-বিষয়ক মন্তব্যের পর ইউরোপীয় স্বায়ত্তশাসনের দিকে এগোনো তার মূল লক্ষ্য হবে। মের্ৎস বলেন, আমার সর্বোচ্চ অগ্রাধিকার হবে, ইউরোপকে যত দ্রুত সম্ভব শক্তিশালী করা, যেন আমরা ধাপে ধাপে সত্যিকারের যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা থেকে মুক্ত হতে পারি। আমি কখনো ভাবিনি যে, আমাকে এমন কিছু টেলিভিশনে বলতে হবে। তবে ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহের বক্তব্যের পর এটা স্পষ্ট যে, আমেরিকানদের—অন্তত তাদের এই অংশের, এই প্রশাসনের—ইউরোপের ভাগ্য নিয়ে তেমন কোনো মাথাব্যথা নেই।




