নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫) ও মিরসরাই এলাকার করুয়া গ্রামের শামসুল হকের ছেলে রিফাত (২৫) প্রাণ হারান। তারা দুজনই ভবনের এসির কাজ করতেন বলে জানিয়েছেন শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জিপিএইচ ইস্পাত লিমিটেড বিভিন্ন ভবনে এসির কাজ করতেন মোস্তফা ও রিফাত। তারা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে এসি ঠিক করতে যাওয়ার সময় লিফটের তার ছিঁড়ে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। রিফাতকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হলেও বিকেল ৪টার দিকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন চিকিৎসকরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দুপুরের দিকে আশঙ্কাজনক অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে বিকালে আরেকজনের মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জিপিএইচ ইস্পাতের মিডিয়া উপদেষ্টা অভিক ওসমান এ প্রসঙ্গে শেয়ার বিজকে বলেন, ‘সকালের দিকে কারখানায় মাল উত্তোলনকারী লিফট ছিঁড়ে একজন ঠিকাদারের দুজন হেলপার আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয়।’ আলাপকালে ‘লিফটটা শুধু মালামাল উত্তোলনের জন্য রাখা হয়েছিল। কিন্তু তারা নিয়ম ভঙ্গ করে লিফটে উঠেছিল। এজন্য তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে’ বলেও দাবি করেছেন তিনি। দুর্ঘটনার পর নিহত শ্রমিকের ঘাড়েই ‘দায় চাপানো’র চেষ্টায় ক্ষুব্ধ শ্রমিকরা। তবে চাকরি হারানোর ভয়ে কোম্পানির বিরুদ্ধে মুখ খুলতে চাননি।
উল্লেখ্য, ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানি জিপিএইচ ইস্পাত। কোম্পানিটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা। এর বিপরীতে পরিশোধিত মূলধন ৪৮৩ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৯২২ কোটি ৮৪ লাখ টাকা। কোম্পানিটির মোট ৪৮ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৪৫৬টি শেয়ার রয়েছে।




