জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল

শেয়ার বিজ ডেস্ক: আজ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে গ্রেপ্তার বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক ডিজি।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, “জিয়াউল আহসানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, যার মধ্যে অসংখ্য হত্যাকাণ্ড ও গুমের ঘটনা রয়েছে। তদন্ত সংস্থা ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে এবং তিনি গ্রেপ্তার আছেন।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, “তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি, বিশেষ করে তিনি কোন মাধ্যমে হত্যাকাণ্ডগুলো সংঘটিত করেছিলেন তা জানার জন্য। আদালত তার একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে এবং নির্ধারিত তারিখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”