Print Date & Time : 19 April 2026 Sunday 4:47 pm

জুনিয়র মেধাবৃত্তি উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিনিধি, শেরপুর:  শেরপুরে ডেভলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবলিটি (ডপস)  এর আয়োজন জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শহরের গৌরীপুরস্থ ডপস কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

ডপস প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া বিএসপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান, জেলা ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামার ডালিয়া, কবি ও সাংবাদিক রফিক মজিদ ও শিক্ষক নেতা মহসিন আলী। এ সময় বৃত্তিপ্রাপ্ত দু’জন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।

আলোচনা সভায় বক্তারা বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা উচ্চ শিক্ষা গ্রহণ করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় প্রশাসনিক কর্মকর্তা হলেই সফলতা আসবে না। তোমাদেরকে একজন আলোকিত মানুষ হতে হবে। দেশের ভঙ্গুর সমাজব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই তোমাদের উচ্চ শিক্ষা অর্জনে সফলতা আসবে। দারিদ্রতা মেধাবীকে কখনোই দমিয়ে রাখতে পারে না। তোমাদের পাশে প্রশাসন আছে, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গেরা আছেন। তোমাদেরকে শুধু সমাজের নেতিবাচক প্রভাবকে পায়েদলে পজিটিভ বাংলাদেশ গড়তে সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে।

ডপস সূত্র জানায়, জেলার ৫ উপজেলা থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রায় ১ হাজার শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এ থেকে চূড়ান্ত ভাবে মনোনীত হন ১৮৫ জন। এদেরকে ডপসের শিক্ষা সহায়তা সহ সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। এ সময় অতিথিরা উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং বিনামূল্যের খাতা-কলম প্রদান করেন। 

এ সময় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।