Print Date & Time : 30 April 2026 Thursday 6:27 pm

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রতিনিধি,জয়পুরহাট : জয়পুরহাটে কালাইয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে নাজিম উদ্দীন (করিম) নামে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশও দেন আদালতের বিচারক। আজ সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত নাজিম উদ্দীন ওরফে করিম (৩২) তিনি কালাই উপজেলার আহমেদাবাদ ধাপ কাথাইল গ্রামের আবু কালাম মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ মে দিবাগত রাতে নাজিম উদ্দিন তাঁর স্ত্রী রওশন আরাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নাজিম উদ্দিন নিজেই তাঁর বাড়িতে ডাকাতেরা ঢুকে স্ত্রীকে হত্যা করেছে বলে প্রচার করেন। তিনি স্ত্রীর স্বজনদেরও ডাকাতেরা হত্যা করেছে বলে জানান। ওই ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে ওই দিনই কালাই থানায় একজনকে আসামী করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বুলবুল ইসলাম ৫জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।