Print Date & Time : 22 April 2026 Wednesday 12:36 am

টাঙ্গাইল-৭ উপনির্বাচনে এমপি হলেন আ.লীগের শুভ

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী খান আহমেদ শুভ এক লাখ চার হাজার ৫৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) রাতে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের মো. জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাপার সাবেক নেতা নুরুল ইসলাম (মোটরযান) প্রতীকে দুই হাজার ৪৩৬ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি) প্রতীকে এক হাজার ৪৫ ভোট ও বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রী মতি রূপা রায় চৌধুরী (ডাব) প্রতীকে পেয়েছেন ৪৩৮ ভোট। এরআগে বিকাল ৪টার দিকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী গোলাম নওজব চৌধুরী ভোট বর্জন করেন। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে এক লাখ ২৪ হাজার ৭৫১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৩০ নভেম্বর এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।