ডলার সাশ্রয়ে স্থগিত টেলিটকের ফাইভ-জি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করতে ২৩৬ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য আজ মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তবে ব্যয় সংকোচনের জন্য প্রকল্পটি একনেক সভায় অনুমোদন না দিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে। কারণ, প্রকল্পের ৮০ শতাংশ ইক্যুইপমেন্ট বিদেশ থেকে ডলার দিয়ে কিনতে হবে। প্রকল্পের বাস্তবায়নকাল ছিল জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩ নাগাদ।

এদিকে, উত্তরা লেক উন্নয়নসহ দুই হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকার সাত প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। মোট ব্যয়ের মধ্যে বৈদেশিক অর্থায়ন ১২২ কোটি ৭৬ লাখ টাকা। মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিস্তারিত তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা কৃচ্ছ্রতা সাধনের মধ্য দিয়ে যাচ্ছি। প্রকল্পের ৮০ শতাংশ ব্যয় ফরেন কারেন্সির (বিদেশি মুদ্রা) মাধ্যমে পরিশোধ করতে হবে। এতে রিজার্ভ থেকে ব্যয় পরিশোধ করা লাগবে। তাই এটা স্থগিত করা হয়েছে। এটা পরে বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনা বিভাগের সচিব মামুন আল রশীদ বলেন, টেলিটকের ফোর-জি পুরোপুরিভাবে সফল হয়নি। তাই আগে ফোর-জি, পরে ফাইভ-জি। প্রকল্পের ৮০ শতাংশ রিজার্ভ থেকে দিয়ে আমদানি করতে হবে।