নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে। হাবিবুর রহমান বর্তমানে ট্যুরিস্ট পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। সে হিসাবে আগামী ৩ অক্টোবরই যোগদান করবেন নতুন কমিশনার হাবিবুর রহমান।
বিসিএস ১৭তম ব্যাচের এই পুলিশ কর্মকর্তা এর আগে ডিএমপি সদর দপ্তরে ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জš§গ্রহণ করেন হাবিবুর রহমান। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি। পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত তিনি। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন হাবিবুর রহমান, যার নাম দেন ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’।
বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন হাবিবুর রহমান। দৌলতদিয়ার যৌনপল্লির শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি। সেখানে তাদের জন্য গড়ে তুলেছেন ‘উত্তরণ ফাউন্ডেশন’।
রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়াতেও তার ভূমিকা রয়েছে। এ ছাড়া তিনি একজন ক্রীড়া সংগঠকও।




