নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমায় সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ১৩ দশমিক ৭৩ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। আগের সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৩২৭টির এবং অপরিবর্তিত ছিল ২১ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৬টির। দৈনিক গড় লেনদেন হয় ৪৭৮ কোটি ৯২ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৫৫৫ কোটি ১১ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ১৩ দশমিক ৭৩ শতাংশ।
এদিকে গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮১ দশমিক ৪৩ শতাংশ। সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮৬ শতাংশ বা ৫ টাকা ৭০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৬৩ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনব্যাপী ৮৭ লাখ ৮২ হাজার ১৪৭ শেয়ার ১৫ হাজার ৭৫৯ বার হাতবদল হয়, যার বাজারদর ৫২ কোটি ৩৮ লাখ টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৫৬ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৩ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ২৬ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।
এদিকে সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় এর পরের অবস্থানে থাকা অগ্নি সিস্টেমস লিমিটেডের ১৬ দশমিক ৬৭ শতাংশ। সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৩১ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৪ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনব্যাপী ৬৫ লাখ ৩৬ হাজার ৪১৪ শেয়ার ২ হাজার ৫৬১ বার হাতবদল হয়, যার বাজারদর ২২ কোটি ২ লাখ টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৩২ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৪ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ২২ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে থাকা এনআরবি ব্যাংক পিএলসির ১১ দশমিক ২৯। দরবৃদ্ধির তালিকায় এর পরের অবস্থানে থাকা যথাক্রমে লিবরা ইনফিউশনস লিমিটেডের ৯ দশমিক ৬২ শতাংশ, ওয়ান ব্যাংক পিএলসির ৯ দশমিক ৫৯ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৩৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ৯ দশমিক ২০ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৭ দশমিক ৮৩ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৭৯ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৭৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষে ছিল টেকনো ড্রাগস লিমিটেড। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৬ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া মোট লেনদেনে এরপরের অবস্থানে থাকা অগ্নি সিস্টেমস লিমিটেডের অবদান ছিল ৫ দশমিক ০৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৩ দশমিক ৫২ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৩১ শতাংশ ও এনআরবি ব্যাংক লিমিটেডের ২ দশমিক ৭৬ শতাংশ।




