নুরুন্নাহার চৌধুরী কলি : দেশের পুঁজিবাজারে আবারও সূচকের পতন হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকাল আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে। বিপরীতে দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে লেনদেন বেড়েছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর কমেছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ দশমিক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে এক হাজার ৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে এক হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে লেনদেনে ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে। সেইসঙ্গে সিএসইতে লেনদেন বেড়েছে।
ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর কমেছে। ডিএসইতে গতকাল মোট ৩৯১টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ২০০টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৭৭টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
এদিকে বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ‘এ’ ক্যাটেগরির ২১২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৫২ কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ১২৮টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৩২ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৮২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪টি ফান্ড ও কোম্পানির দরদাম বেড়েছে। এর বিপরীতে ৪৯টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৯টি ফান্ড ও কোম্পানির দর।
জেড’ ক্যাটাগরির ৯৭টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৮টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ২৩টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৩৬টি ফান্ড ও কোম্পানির দর।
একসঙ্গে মিউচুয়াল ফান্ড খাতেও বেশিরভাগ ফান্ডের ইউনিটের দর কমেছে। লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে মাত্র দুটি ফান্ডের ইউনিট দর বেড়েছে, বিপরীতে ২১টি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৩টি ফান্ডের ইউনিট দর।
ডিএসইতে গতকাল মোট ১১ কোটি ২০ লাখ ৬৩ হাজার ১২২টি শেয়ার ও ইউনিট এক লাখ ৩ হাজার ৬০০ বার হাতবদল হয়েছে। এর জের ধরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ২৫৩ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ২৯ লাখ টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মোট ১৯০টি কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৭টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর বেড়েছে। এর বিপরীতে ৭৮টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর কমেছে। দিনশেষে ৩৫টি কোম্পানি ও ফান্ডের দর অপরিবর্তিত ছিল। সিএসইতে গতকাল মোট ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৭ কোটি ৮৪ লাখ টাকা।
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্কভাব ছিল, যার ফলে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। বাজারসংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। আগামী কার্যদিবসে বাজারের গতিবিধি কী হয়, তা জানতে অপেক্ষাও করতে বলছেন তারা।




