নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমলেও সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের দিনের মতো গতকালও ডিএসইতে লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে সাত হাজার ৪৩ দশমিক ৬৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে এক হাজার ৫২১ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৯ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়ে দুই হাজার ৫৯৮ দশমিক ৬০ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে এদিন মোট ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৩৯টির এবং কমেছে ১৬২টির। বাকি ৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ১৭ কোটি ৪২ লাখ টাকা।
ডিএসইতে এদিন ২৩ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ৩১টি শেয়ার ২ লাখ ২০ হাজার ২১০ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও একই চিত্র দেখা গেছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৩৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৫ টাকা ৫০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ফরচুন শুজ লিমিটেডের ৫০ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ১০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা লিমিটেডের ৪৫ কোটি ৭৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৪ কোটি ৬৭ লাখ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৩৮ কোটি ৪৬ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৩২ কোটি ২৮ লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১ কোটি ২ লাখ টাকা, কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের ১৯ কোটি ৭৭ লাখ, ফার্মা এইডস লিমিটেডের ১৯ কোটি ৬৪ লাখ এবং রহিমা ফুড করপোরেশন লিমিটেডের ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে স্টাইলক্রাফট লিমিটেড। এর পরের অবস্থানে থাকা রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ, আরামিট সিমেন্ট লিমিটেডের ৭ দশমিক ৪২ শতাংশ, এপেক্স ট্যানারি লিমিটেডের ৭ দশমিক ১১ শতাংশ, ফার্মা এইডস লিমিটেডের ৬ দশমিক ৯৮ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৬ দশমিক ৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৫ দশমিক ৯৯ শতাংশ, এপেক্স স্পিনিং মিলস লিমিটেডের ৫ দশমিক ৮৫ শতাংশ, এপেক্স ফুডস লিমিটেডের ৫ দশমিক ৭৯ শতাংশ এবং শমরিতা হসপিটাল লিমিটেডের ৫ দশমিক ২০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৮৬ দশমিক ৯৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৩৪ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৪৫টির এবং ৪৫টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয় ২৯ কোটি ২৯ লাখ টাকার আর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০ কোটি ৯৯ লাখ টাকার।
