Print Date & Time : 22 April 2026 Wednesday 12:33 pm

ঢাকায় ফিরেছেন পিটার হাস

শেয়ার বিজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে ১৬ নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরে তৎপর ছিলেন। এর মধ্যে তার বিদেশ সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে কূটনৈতিক সূত্রে জানা যায়, পিটার হাসের ছুটিতে যাওয়ার বিষয়ে সরকার অবগত ছিল। তিনি ১৫ নভেম্বর ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে জানিয়েছিলেন। সেজন্যই ২ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। কারণ এরপর ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পররাষ্ট্র সচিবের সৌদি আরব, জর্ডান ও সুইজারল্যান্ডে সফর ছিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইনসের (ফ্লাইট নম্বর-ইউএল-১৮৯) একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে পৌঁছান।