নিজস্ব প্রতিবেদক : টিকিটের দাবিতে রাজধানী ঢাকার বিমানবন্দর স্টেশনে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বুধবার সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ট্রেনটিকে আটকে রাখা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির।
তিনি বলেন, শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখনো আটকে আছে। এ কারণে নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা থেকে সারাদেশ কোনো ট্রেন যেতে পারছে না। তবে সারাদেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পারছে।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত।
২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দিতে রাজশাহী যেতে অগ্রিম টিকিট কাটতে আসেন ভর্তিচ্ছুরা। তারা লাইনেও দাঁড়ান। কিন্তু মাত্র তিনটি টিকিট বিক্রি করে বন্ধ করে দেয়। এমনটাই দাবি টিকিট প্রত্যাশীদের।
শিক্ষার্থীদের দাবি, বিমানবন্দর স্টেশনে টিকিট কাটতে আসনে দুই হাজার থেকে তিন হাজার শিক্ষার্থী। কিন্তু মাত্র তিনটি টিকিট বিক্রি করে বন্ধ করে দেওয়া হয় কাউন্টার। এরপরই ছাত্ররা নীলসাগর ট্রেনকে আটকে দেয়। বিমানবন্দর স্টেশনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।
ফেসবুক লাইভে তারা দাবি করেন, তাদের ভর্তি পরীক্ষা ২৫ তারিখ। আজ অগ্রিম টিকিট কাটতে আসেন। বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। তাদের দাবি, টিকিট কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।

Print Date & Time : 22 April 2026 Wednesday 12:00 am
ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ
দিনের খবর ♦ প্রকাশ: