Print Date & Time : 26 April 2026 Sunday 11:38 am

ঢাবির সাবেক অধ্যাপককে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনিস্টিটিউটের সাবেক অধ্যাপক সাইদা খালেককে (মোছা. সাইদা গাফফার) অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর দক্ষিণ পানিশাইল এলাকার আবাসন প্রকল্পের ভেতর একটি ঝোপের মধ্য থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১২ জানুয়ারি সাইদা খালেক নিখোঁজের ঘটনায় তার মেয়ে সাদিয়া কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শ্বাসরোধে তাকে হত্যা করা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনোয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আনোয়ারুল অধ্যাপকের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করত।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, সাইদা খালেকের মরদেহ একটি ঝোপের মধ্যে পড়ে আছে এমন তথ্য পুলিশকে দেন রাজমিস্ত্রি আনোয়ারুল ইসলাম। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ওই অধ্যাপকের গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকে দেখে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অধ্যাপক সাইদা খালেক কাশিমপুরের পানিশাইল এলাকার মোশারফ মৃধার বাসায় ভাড়া থাকতেন। তিনি সেখান থেকে নিজের নির্মাণাধীন প্রজেক্টের দেখাশোনা করছিলেন। ওই বাসা থেকে আনুমানিক ২০০ গজ দূরে তার মরদেহটি পাওয়া যায়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেন বা পূর্ব শত্রুতার জেরে ওই অধ্যাপককে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের ছেলে সাউদ ইফতেখার জহির বাদী হয়ে আনোয়ারুল ইসলামকে আসামি করে কাশিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।