Print Date & Time : 23 April 2026 Thursday 12:37 pm

তামাক কোম্পানির করোনা টিকা নাকচ করেছে ডব্লিউএইচও

নিজস্ব প্রতিবেদক: বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসের করোনা টিকা নাকচ করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের তামাকবিরোধী সংগঠনগুলো। একইসঙ্গে বাংলাদেশ সরকারকে এই টিকা গ্রহণ না করার জন্য দাবি জানিয়েছে তারা। তামাক কোম্পানির সংশ্লিষ্টতা থাকায় গত ২ মার্চ কানাডীয় কোম্পানি মেডিকাগোর তৈরি করোনার টিকা জরুরি ব্যবহারের তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন নাকচ করে দিয়েছে ডব্লিউএইচও। মেডিকাগোর আংশিক মালিকানা ফিলিপ মরিসের এবং প্রতিষ্ঠানটি কানাডা সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই টিকা প্রস্তুত করেছে।

এ বিষয়ে এক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বলেন, কভিড মোকাবিলায় কানাডা এর আগে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে বাংলাদেশকে, যা অত্যন্ত প্রশংসনীয়। তবে দেশটি মেডিকাগোর টিকা দিতে চাইলে বাংলাদেশের উচিত হবে তা প্রত্যাখ্যান করা, কারণ এই টিকা ডব্লিউএইচওর অনুমোদন পায়নি এবং ডব্লিউএইচও ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলে (এফসিটিসি) স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের জন্য এই টিকা ব্যবহার করা হবে এফসিটিসি আর্টিকেল ৫.৩-এর লঙ্ঘন। তাছাড়া একটি মহামারি নিয়ন্ত্রণে আরেকটি মহামারির (তামাক) সঙ্গে আপস করা উচিত নয়।

আলোচনা সভায় আরও জানানো হয়, এ পর্যন্ত কমপক্ষে ৯টি টিকা ডব্লিউএইচও অনুমোদন দিয়েছে, যার সঙ্গে তামাক কোম্পানির কোনো সম্পর্ক নেই এবং বাংলাদেশ এসব অনুমোদিত টিকাই ব্যবহার করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশের উচিত হবে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের সঙ্গে সমন্বয় রেখে টিকা সংগ্রহ করা।

আলোচনা সভায় তামাকবিরোধী সংগঠন বাংলাদেশ ক্যানসার সোসাইটি, তাবিনাজ, এইড ফাউন্ডেশন, বিএনটিটিপি, টিসিআরসি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, ভয়েস, মানস, প্রজ্ঞা, স্টপ, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রিকিডস, ভাইটাল স্ট্র্যাটেজিস এবং দ্য ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন।