Print Date & Time : 21 April 2026 Tuesday 10:11 am

তৃতীয় দফায় হজ নিবন্ধনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক: দুই দফায় সময় বাড়িয়েও কাক্সিক্ষত হজযাত্রী না পেয়ে নিবন্ধনের সময় তৃতীয় দফায় আরও ৯ দিন বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। বর্ধিত সময়সীমা শেষ হবে ১৬ মার্চ। এর পরে আর সময় বাড়ানো হবে না বলে মন্ত্রণালয় জানিয়েছে।

বিশ্বের মুসলমানদের বার্ষিক সম্মিলন হজ এবার হতে পারে ২৭ জুন। বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন, যা সৌদি আরব ঠিক করে দিয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি সরকারি ও বেসরকারিভাবে হজে যাওয়ার নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা ২৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে কোটা পূরণ না হওয়ায় প্রথম দফায় সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক করা হয়েছিল। তাতেও কোটা পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় সময় ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।

এখন তৃতীয় দফায় ৯ দিনের জন্য সময় বাড়িয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়, যাকে ‘শেষ ও চূড়ান্ত’ বলা হচ্ছে।

বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে প্রাক-নিবন্ধন করতে হয়। সারাবছরই এই প্রাক-নিবন্ধন করা যায়, যেটি সম্পন্ন করলে একটি নম্বর দেয়া হয়।

ধারাবাহিকতা রক্ষা করে সেই নম্বর হজের জন্য নির্বাচিত হলে তা এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হয়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজে খরচ নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় খরচ ধরা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

এই অঙ্ক গত বারের চেয়ে দেড় থেকে দুই লাখ টাকা বেশি, যা দেখে হজের ইচ্ছা পূরণ করতে পারছেন না বলে অনেকেই জানিয়েছেন।

হজ গমনেচ্ছু কমে যাওয়ার কথা হজ এজেন্সিগুলো জানালেও ধর্মমন্ত্রী আশাবাদীÑশেষ পর্যন্ত বাংলাদেশ থেকে হজের কোটা পূরণ হবে।