Print Date & Time : 23 April 2026 Thursday 12:29 am

তেলের দাম নিয়ে সুখবর দিলেন বানিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায় আগামী দু-এক দিনের মধ্যে দেশের বাজারেও সেটি কমে আসবে বলে আভাস দিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ । সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার (২৬ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাণিজ্যসচিব বলেন, আগামী দুই দিনের মধ্যে ভোজ্যতেলের দাম নিয়ে সুখবর আসতে পারে। । আশা করছি, তেলের দাম কমবে। ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে আমাদের জানালে আমরা জানাতে পারব কত টাকা কমবে।  

এ সময় বাণিজ্যসচিব আরো বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমে গেছে। আমাদের দেশে এ তেলটা আসে প্যারাগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। সেখান থেকে তেল আসতে কমপক্ষে ৪৫ থেকে ৬০ দিন সময় লেগে যায়। এখানে যে সময়ের ব্যবধান রয়েছে তাই চাইলেও আমরা দেশের বাজারে তাৎক্ষণিক দাম কমাতে পারি না। এ সময়ের ব্যবধান চিন্তা করতে হয়। তবে সুখবর হলো ইন্দোনেশিয়া থেকে এখন কিছু তেল আসে, সেখান থেকেও আসতে ১৫ থেকে ২০ দিন সময় লেগে যায়। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের তেল কমেছে, আবার ডলারের দামও বেড়েছে, সেটাও মাথায় রাখতে হবে। এসব বিষয় সমন্বয় করে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হবে।