Print Date & Time : 22 April 2026 Wednesday 10:18 am

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল  আরোহী নিহত

প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় গত দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝড়বৃষ্টির সময় সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিরল-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑবোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রাকিবুল ইসলাম (৪২), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বনগাঁ গ্রামের মো. ওসমান গণির ছেলে সাদবিন ওসমান (২২) ও একই উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের নুহেদ আলমের ছেলে নোয়াজিম আলম (১৬)।

জানা গেছে, তারা তিনজন মিলে দুটি মোটরসাইকেলে রাতে বিরল থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়বৃষ্টি থেকে বাঁচতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। এ সময় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান। ওই সময় অজ্ঞাত একটি ট্রাক তাদের পিষ্ট করে চলে যায়। এতে তারা তিনজনই ঘটনাস্থলে মারা যান।

ঝড় থামার পর স্থানীয়রা, তাদের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিরল থানার ওসি ফখরুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।