শেয়ার বিজ ডেস্ক: নিউ জিল্যান্ডের পেসারদের দুর্দান্ত বোলিং আর ফিল্ডারদের অসাধারণ ক্যাচিংয়ে দেশের মাঠে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড গড়ল ভারত।
ধারাভাষ্যে হার্শা ভোগলে বললেন, “দয়া করে চোখ কচলাবানে না, যা দেখছেন, সেটিই সত্যি…।” টিভি পর্দায় চোখ রাখলে তবু বিশ্বাস-অবিশ্বাসের ঘোরে পড়ে যেতে পারেন অনেকেই। আসলে কী ভারতের স্কোরকার্ড এটি!
ঘোর থাকলেও ইতিহাস গড়া হয়েই গেছে। ভারতের প্রবল পরাক্রমশালী ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। কিউই পেসারদের নিখুঁত লাইন-লেংথ, দুর্দান্ত সুইং ও সিম বোলিং আর ফিল্ডারদের অসাধারণ ক্যাচে দেশের মাঠে সবচেয়ে কম রানে গুটিয়ে গেছে রোহিত শার্মার দল।
নিউ জিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে বৃহস্পতিবার ৪৬ রানেই অলআউট ভারত।
সেই ১৯৩৩ সাল থেকে টেস্ট ক্রিকেট আয়োজন করছে ভারত। ইতিহাসে এই প্রথম তাদের মাঠে কোনো দল পঞ্চাশের নিচে গুটিয়ে গেল। আগের সর্বনিম্ন ছিল ২০২১ সালে নিউ জিল্যান্ডের ৬২।
১৫ রানে ৫ উইকেট নিয়ে ভারতের মূল হন্তারক ম্যাট হেনরি। টেস্ট ক্যারিয়ারের দারুণ শুরু করা উইল ও’রোকের শিকার ২২ রানে ৪ উইকেট।




