Print Date & Time : 18 April 2026 Saturday 1:38 am

দেশে ‘গুগল পে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই কার্যক্রমের উদ্বোধন করেন।

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

এই সেবার গ্রাহকেরা এখন থেকে দেশে কিংবা বিদেশে এনএফসি লেনদেন করতে সক্ষম এমন পস টার্মিনালে শুধুমাত্র তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে এবং ঝামেলাবিহীনভাবে লেনদেন শেষ করতে পারবেন। গুগল পে-তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। এর মাধ্যমে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে তার ডিজিটাল ওয়ালেট। ফলে গ্রাহককে আর আলাদাভাবে কোনো প্লাস্টিক কার্ড বহন করতে হবে না। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা—সবকিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন।

গুগল পে চালুর মাধ্যমে দেশের গ্রাহকরা এখন থেকে তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেই সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে লেনদেন করতে পারবেন। পেমেন্টের জন্য আর আলাদা করে কার্ড বহন করার প্রয়োজন হবে না। ফোন ট্যাপ করেই দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে অর্থ প্রদান সম্ভব হবে।

প্রাথমিকভাবে এই সুবিধা সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য চালু হচ্ছে। সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে নিজেদের কার্ডের তথ্য যুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হয়ে গেলে, যেকোনো দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই তা দিয়ে পেমেন্ট করা যাবে।