Print Date & Time : 8 April 2026 Wednesday 5:43 pm

দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফায় বড় পতন

শেয়ার বিজ ডেস্ক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় বড় পতন হয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের। এ প্রান্তিকে আগের বছরের তুলনায় ৫৬ শতাংশ কম মুনাফা হয়েছে। স্যামসাংয়ের গুরুত্বপূর্ণ চিপ ব্যবসায়ে মন্দাভাব দেখা দেওয়ায় মুনাফা কমেছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এছাড়া সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেছে কোম্পানিটি। এ খবরে স্যামসাংয়ের শেয়ারমূল্য কমে গেছে। খবর: রয়টার্স, সিএনএন, বিবিসি।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্বের শীর্ষস্থানীয় অধিকাংশ কোম্পানির মুনাফা কমে গেছে। এর ধারাবাহিকতায় স্যামসাংও এমন ঘোষণা দিল। এছাড়া সিউল ও টোকিওর মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার কারণে সামনে চিপ ব্যবসা আরও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের এ ঘোষণার পর থেকে পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখেছেন বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টরা।
দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত জুন পর্যন্ত তিন মাসে সাড়ে ছয় লাখ কোটি কোরিয়ান ওন বা ৫৬০ কোটি মার্কিন ডলার পরিচালন মুনাফা হয়েছে, গত বছরের একই সময়ে যা ছিল প্রায় ১৫ লাখ কোটি ওন। ফলে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৫৬ শতাংশ। এছাড়া একই সময়ে আগের বছরের তুলনায় স্যামসাংয়ের আয় কমেছে চার শতাংশ। এর আগে স্যামসাংয়ের পক্ষ থেকে যে পূর্বাভাস করা হয়েছিল, তার সঙ্গে এ তথ্যের সামঞ্জস্য রয়েছে।
কোম্পানিটির মুনাফা কমে যাওয়ার ঘোষণা দেওয়ার পর সিউলের পুঁজিবাজারে স্যামসাংয়ের শেয়ারমূল্য অন্তত তিন দশমিক তিন শতাংশ কমে গেছে। এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, মেমোরি চিপের বাজারে চাহিদা ও দাম কমে যাওয়ায় মুনাফা কমেছে। শুধু অনিশ্চয়তার কারণেই নয়, বৈশ্বিক বৃহৎ অর্থনীতির পরিবেশও মুনাফা কমার পেছনে ভূমিকা রেখেছে।
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসাও বেশ খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। স্মার্টফোন ব্যবসা থেকে দ্বিতীয় প্রান্তিকে দেড় লাখ কোটি ওন মুনাফা করেছে স্যামসাং, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ কম। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ মডেলের স্মার্টফোন বিক্রি কমে যাওয়া এবং মার্কেটিং খরচ বৃদ্ধি পাওয়ায় মুনাফা কমেছে বলে জানানো হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে প্রথম ফোল্ডেবল মডেলসহ দুচি স্মার্টফোন বাজারে ছাড়লেও বৈশ্বিক বাজারে মন্দার কারণে প্রত্যাশিত মুনাফা হবে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্যানুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি তিন শতাংশ কমেছে। এ সময়ে স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ ছয় দশমিক সাত শতাংশ বেড়েছে। এছাড়া ২২ শতাংশ বাজার অংশীদারিত্ব নিয়ে এখনও শীর্ষে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ওপর কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। ফলে দু’দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্বের প্রযুক্তি বাজারে উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া এ সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে স্যামসাংয়ের আয় কমে যেতে পারে বলে শঙ্কা রয়েছে। তবে তৃতীয় প্রান্তিকে নতুন ধরনের পণ্য বাজারে নিয়ে আসার দিকে গুরুত্ব দেওয়া হবে বলে স্যামসাং জানিয়েছে।