শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাজ্যের পোর্ট অব ফেলিক্সস্টোওয়ের কর্মীরা রোববার থেকে আট দিনের ধর্মঘট শুরু করেছেন। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট করছেন তারা। খবর: বিবিসি।
যুক্তরাজ্যের বৃহত্তম কনটেইনার বন্দর এ পোর্ট অব ফেলিক্সস্টোওয়ে। এখানে প্রায় দুই হাজার কর্মী কর্মরত। এ বন্দর দিয়ে বছরে ২ হাজার জাহাজ থেকে প্রায় ৪০ লাখ কনটেইনারের চালান খালাস করা হয়, যা দেশটিতে সমুদ্রপথে আসা মোট চালানের অর্ধেকের বেশি।
ফেলিক্সস্টোওয়ের কর্মীদের সংগঠন ইউনাইট ইউনিয়নের ডাকে নিয়োজিত সরকারি কর্মকর্তা ববি মর্টন বলেন, ধর্মঘটের কারণে কাজে ব্যাপক বিঘœ ঘটবে এবং তা যুক্তরাজ্যজুড়ে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের চাপ তৈরি করবে। তবে যে বিরোধ তৈরি হয়েছে, তা পুরোপুরিভাবে কোম্পানির তৈরি। আমাদের সদস্যদের ন্যায্য প্রস্তাব দেয়ার মতো যথেষ্ট সুযোগ কোম্পানির ছিল, তবে তারা তা করেনি।
ফেলিক্সস্টোওয়ের মালিক প্রতিষ্ঠান সিকে হাচিসন হোল্ডিং লিমিটেড কর্মীদের ধর্মঘট নিয়ে এক বিবৃতিতে হতাশা প্রকাশ করেছে। কোম্পানিটি তাদের পক্ষ থেকে দেয়া আট শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাবকে ন্যায্য বলে উল্লেখ করেছে। তবে বিবৃতিতে উল্লেখ করা হয়, এ বন্দরে যারা চাকরি করেন, তাদের ভালো পারিশ্রমিক ও নিরাপত্তা পান। অযথা এসব কর্মকাণ্ডের কারণে কেউই লাভবান হবেন না।
এদিকে যুক্তরাজ্যে পরিবহন খাতের কর্মীদের ধর্মঘট চলছে। এর মধ্যে বন্দরের কর্মীরাও ধর্মঘট শুরু করায় সরবরাহ শৃঙ্খলে সমস্যা দেখা দেয়ার শঙ্কা বেড়েছে। বেতন বাড়ানোর দাবিতে যুক্তরাজ্যের নানা খাতের কর্মীদের কর্মবিরতি পালন করতে দেখা যাচ্ছে। টেলিকম প্রতিষ্ঠান বিটিও সম্প্রতি কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কর্মবিরতি পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অ্যামাজনের গুদামের কর্মী, আইনজীবী, পরিচ্ছন্নতাকর্মীরাও সাম্প্রতিক সপ্তাহগুলোয় কর্মবিরতি পালন করেছে। পোস্টাল কর্মীরাও চলতি মাসের শেষের দিকে চার দিনের ধর্মঘটের পরিকল্পনা করছেন।




