নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে কারখানা করবে সুইডেন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (বিএসইজেড) কারখানা স্থাপন করবে সুইডিশ কোম্পানি নিলর্নের বাংলাদেশ ইউনিট নিলর্ন বাংলাদেশ লিমিটেড। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ জন্য বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন নিলর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

গতকাল নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় তারা বিএসইজেডের সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ খতিয়ে দেখেন। বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ে খোঁজখবর নেন। পরিবহন ও জ্বালানি বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন বিদেশি উদ্যোক্তারা।

শুরুতেই বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন।

বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে নেয়া হয়।

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সোমবার থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’। চার দিনব্যাপী এ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণঅভ্যুত্থান-পরবর্তী অর্থনৈতিক সংস্কারের রূপরেখা।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানান, বিনিয়োগকারীদের টানতে নতুন করে পলিসি হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। আগামীতে বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।