Print Date & Time : 18 April 2026 Saturday 6:10 am

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাত নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, তারা গোপনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন, যুবলীগ নেতা আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন ও রাসেল। তাদের মধ্যে কেউ কেউ রাজমিস্ত্রি ও অন্যান্য পেশার পরিচয় দিলেও পুলিশের দাবি, তারা রাজনৈতিক পরিচয় গোপন রেখে মিছিল আয়োজনের চেষ্টা করছিলেন। স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তাররা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের কর্মী।

ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘আজ (গতকাল) ভোরে শিবু মার্কেট এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে। তারা রাজমিস্ত্রিসহ বিভিন্ন পেশার পরিচয় দিয়ে গোপনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে তারা মিছিল আয়োজন করছিলেন।’ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে এদিন দুপুরে সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।