শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মাঙ্কিপক্স সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। শহরটিকে মাঙ্কিপক্স প্রাদুর্ভাবের ‘এপিসেন্টার’ বা ‘উপকেন্দ্র’ বলে উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারির ফলে নগর কর্মকর্তারা সংক্রমণ বিস্তারেরর গতি কমাতে প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেয়ার অনুমতি পাবেন। খবর দ্য গার্ডিয়ানের
স্থানীয় সময় শনিবার (৩০ জুলাই) মেয়র এরিক অ্যাডামস ও স্বাস্থ্য কমিশনার অশ্বিন ভাসান ঘোষণা দিয়েছেন, নিউইয়র্ক সিটিতে প্রায় দেড় লাখ মানুষ মাঙ্কিপক্স সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, টিকা সহজলভ্য হওয়ার সঙ্গে সঙ্গে তা পাওয়া নিশ্চিত করতে কেন্দ্রীয় অংশীদারদের সঙ্গে আমরা আরও কাজ করে যাব।
বিবৃতিতে বলা হয়, সংক্রমণ মোকাবিলায় জাতীয় ও বৈশ্বিকভাবে ব্যবস্থা নিতে হবে। আর আমাদের এ ঘোষণা সেই পরিস্থিতির গুরুত্বকে প্রতিফলিত করে।
গত শুক্রবার (২৯ জুলাই) পর্যন্ত নিউইয়র্কে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৫ জন। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ ৭৯৯ জন আক্রান্ত হয়েছেন ক্যালিফোর্নিয়ায়।
গত ২৩ জুলাই মাঙ্কিপক্স প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। সংস্থাটির পক্ষ থেকে এটিই সর্বোচ্চ সতর্কতা। সংক্রমণের ঊর্ধ্বগতিতে গত বৃহস্পতিবার জরুরি সতর্কতা জারি করেন সানফ্রান্সিসকোর মেয়র।




