Print Date & Time : 23 April 2026 Thursday 5:38 am

নিকোলায়েভে নিষিদ্ধ রুশ ভাষা

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর নিকোলায়েভের স্কুলে রুশ ভাষা নিষিদ্ধ হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবর: তাস।

গত শুক্রবার নিকোলায়েভের শিক্ষাপ্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা নিষিদ্ধ করার পক্ষে সিটি কাউন্সিলের নির্বাহী কমিটির ভোট হয়। ভোটে রুশ ভাষা নিষিদ্ধের এই সিদ্ধান্ত পাস হয়।

সিটি কাউন্সিলের সদস্য ইয়েকাতেরিনা স্টোকোলিয়াস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, নিকোলায়েভ আগামী ১ সেপ্টেম্বর থেকে রাশিয়ান ভাষায় আর কোনো কোর্স, ক্লাব বা শিক্ষাক্রম চলবে না।

গত ২৪ ফেব্রুয়ারি হামলার আগে থেকে ইউক্রেনে রুশ ভাষা ও শিল্পকর্মের ওপর বিধিনিষেধ চাপানো হচ্ছিল। ২০১৯ সালের মার্চে রাশিয়ার ৪০টি শিল্পকর্মের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কিয়েভ।

এদিকে ইউক্রেনের খাদ্যশস্য সরবরাহে অবরোধ ও নিজেদের পণ্য রপ্তানিতে বিধিনিষেধ দিয়ে রাশিয়া বিশ্বকে দুর্ভিক্ষের ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। আজ বৈঠকে খাদ্য নিরাপত্তা ও ইউক্রেনে যুদ্ধের ফলে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনা করবেন তারা।

ওদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। দেশটির পূর্বাঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলের ইজিয়াম শহরের নিয়ন্ত্রণ নিতে তৎপরতা শুরু করেছে রুশ বাহিনী।