নিখোঁজের ২০ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ের শ্রীধর গুরনই গ্রামে ৬ বছর বয়সের মাদরাসা শিক্ষার্থী ইব্রাহিমকে হত্যার পর বস্তাবন্দি লাশ পুঁতে রাখেন মুদি দোকানি ও খণ্ডকালীন মাদ্রাসা শিক্ষক বুলবুল। পরে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। ৪ দিনের রিমান্ডে পুলিশের কাছে এসব হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বুলবুল। স্বীকারোক্তি পেয়ে নিখোঁজের ২১ দিন পর গতকাল ভোরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামি বুলবুল একই গ্রামের বাসিন্দা।

দুপুরে নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এক প্রেস ব্রিফিংয়ে ঘটনা তুলে ধরেন। এসপি জানান, ১০ নভেম্বর বিস্কুট নিতে দোকানে গেলে ইব্রাহিমকে গলাটিপে হত্যা করে বুলবুল। এরপর মৃতদেহ বস্তায় তুলে আত্রাই নদীতে কংক্রিটের চাপা দিয়ে পুঁতে রাখে। কয়েকদিন পর ৬ লাখ টাকা মুক্তিপণ আদায় করতে ইব্রাহিমের বাবা হজরত আলীকে বেনামে চিঠি ও ফোন করে। পুলিশ অনুসন্ধান চালিয়ে ২৭ নভেম্বর বুলবুলকে আটক করে। পরে আদালতেরে মাধ্যমে ৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এ ঘটনায় ইব্রাহিমের বাবা হজরত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা।