Print Date & Time : 22 April 2026 Wednesday 3:26 pm

নিজ বাড়ির ছাদে গুলিবিদ্ধ মরদেহ, পাশে বন্দুকআ

প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় বাড়ির ছাদ থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই ব্যক্তি তার লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৩০ মার্চ) দুপুরে পত্নীতলা উপজেলার চেরাডাঙ্গা গ্রাম থেকে ৫৮ বছর বয়সী ইয়াকুব আলীর মরদেহ উদ্ধার করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, ইয়াকুবের একটি লাইসেন্স করা বন্দুক ছিল। দুপুরে ছাদে গুলির আওয়াজ পেয়ে তার স্ত্রী মর্জিনা গিয়ে দেখেন, ইয়াকুবের মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে বন্দুকটি জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, ‘বন্দুক থেকে একটি গুলি চলার তথ্য পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা হতে পারে। তবে ঠিক কী কারণে ইয়াকুব আত্মহত্যা করল তা জানতে আমরা তদন্ত করব।’