Print Date & Time : 22 April 2026 Wednesday 11:31 am

নিন্মতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি

জাতীয় নিন্মতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, সুবিধাবাদী-দালাল নেতৃত্ব উচ্ছেদ করে আপসহীন শ্রেণি সচেতন নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। গত শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কার্যালয় হলরুমে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগর শাখার তৃতীয় সম্মেলনে বক্তারা এ দাবি জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম ভূইয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খান।

বক্তারা নৌযান, হোটেল ও গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা, সিএনজি-অটোরিকশা চালক শ্রমিকদের বিআরটিএ নির্ধারিত ৯০০ টাকা জমা কার্যকরি করা, লোকাল গার্মেন্টস ও পাদুকা শ্রমিকদের কাজের ধরন অনুযায়ী রেট পুনর্নির্ধারণ, নির্মাণ শ্রমিকদের গেজেট বাস্তবায়ন ও রিকশা-ভ্যান সব রাস্তায় নির্বিঘেœ চলাচলের অধিকারসহ বিভিন্ন খাতের শ্রমিকদের নিজ নিজ দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতি তার সমাপনী বক্তব্যে জাতীয় নিন্মতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, সুবিধাবাদী-দালাল নেতৃত্ব উচ্ছেদ করে আপসহীন শ্রেণি সচেতন নেতৃত্ব প্রতিষ্ঠা, পুঁজির শোষণ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সৎ, সংগ্রামী ও শ্রেণি সচেতন নেতৃত্বে বিকল্প ধারার শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সম্মেলনে প্রকাশ দত্তকে সভাপতি, অ্যাডভোকেট বেলায়েত হোসেন নয়নকে সাধারণ সম্পাদক ও মো. জহিরুল ইসলাম বাদলকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি