নির্দলীয় সরকার প্রতিষ্ঠার পর নির্বাচন করবে বিএনপি: রিজভী

প্রতিনিধি, নারায়ণগঞ্জ:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে, তারপর নির্বাচন করবে বিএনপি। এর আগে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সেটা আর নির্বাচন হবে না, সেটা হবে রাতের নির্বাচন বা অন্য কোনো নির্বাচন। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন চাই না, পার্লামেন্ট বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।

গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ব্যাংক কলোনি এলাকায় ঢাকার মহাসমাবেশে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা মহানগর বিএনপির সদস্য মাহমুদ হোসেনের বাড়িতে এসে শোকার্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, আমি এ শোকাবহ পরিবারকে সমবেদনা জানাতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহামুদের বাসায় এসেছি। তিনি গত ২৮ জুলাই বিএনপির মহা সমাবেশে অংশ নিতে গিয়ে সেøাগান দিতে দিতে গরমে হƒদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিএনপি নেতাকর্মীরা মানসিক চাপে আছেন বলে উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রতিটি নেতাকর্মী যেমন শারীরিক চাপে আছেন, তেমন মানসিক চাপেও আছেন। বাসায় বসে থাকলেও তাদের নামে মামলা হয়। পুলিশি আক্রমণ ও হানায় তারা এতটাই মানসিকভাবে ক্লান্ত যে কখন কে পৃথিবী ছেড়ে চলে যান ঠিক নেই।

তিনি আরও বলেন, মাহমুদের নামে অসংখ্য মামলা। প্রতিনিয়ত তার নামে মামলা। তিনি দলের নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। কখনও দলীয় কর্মসূচি থেকে বিরত থাকতেন না। তিনি সেøাগান দিতে দিতে ঢাকার সমাবেশস্থলে গিয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন। এ ধরনের নিবেদিত নেতাকর্মী ঘরে ঘরে আছেন বলেই দল এখনও টিকে আছে।

সাজায় বিএনপি দমে যায়নি বলে উল্লেখ করে রিজভী বলেন, আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। যে নেতা সারাদেশের মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ করেছেন, তার বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। তার স্ত্রী স্বনামধন্য চিকিৎসক তাকেও মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে, যেন তিনি দেশে ফিরতে না পারেন। তবে এগুলোয় কোনো লাভ হয়নি। কেউ কিন্তু দমে যাননি। দেশনেত্রীর গণতন্ত্র পুনরুদ্ধারের আওয়াজ আমাদের উজ্জীবিত করে। লন্ডন থেকে দেশনায়ক তারেক রহমান দলকে সুসংগঠিত করছেন। আজ সারাদেশের জাতীয়তাবাদের নেতাকর্মীরা উজ্জীবিত। আওয়ামী লীগের ও পুলিশের হামলার পরেও তারা দাঁড়িয়ে আছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সেই একজন নেতা মাহমুদ। তিনি শেষনিশ্বাস পর্যন্ত দলের জন্য কাজ করে গেছেন। তার এই আত্মত্যাগে আমরা ঘুরে দাঁড়ানোর প্রেরণা পাচ্ছি।

রায় রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকার গণমাধ্যমকেও নানাভাবে চাপ দিচ্ছে। জুবাইদা রহমান একটি বিখ্যাত পরিবারের পুত্রবধূ। শুধু তাকে হেয় করার জন্য সরকার এ রায় দিয়েছে। এর একটি অভিযোগও সত্য নয়। কত মামলা বছরের পর বছর ধরে পড়ে আছে। সাগর-রুনির মামলা ৯৯ বার পেছানো হয়েছে। আর এ মামলা ২০ দিন এক মাসের মধ্যে বিচার করে সাজা দেয়া। এটাই তো প্রমাণ করে যে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে এ রায়গুলো দেয়া হচ্ছে।