প্রতিনিধি, নীলফামারী : হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) বা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকা প্রদান শেষ হচ্ছে আগামী ২১ নভেম্বর। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ইতোমধ্যে নীলফামারী জেলায় শতকরা ৭৭ ভাগ টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে জেলা সমন্বয় (কো-অর্ডিনেশন) সভায়।
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আতিউর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ প্রমুখ।
সভায় সিভিল সার্জন জানান, ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে তাদের।
এতে বলা হয়, ১ লাখ ১১ হাজার ৪৪৮ জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতোমধ্যে ৭৭ ভাগ কিশোরী টিকাদানের আওতায় আনা হয়েছে।
শতভাগ টিকা প্রদান কর্মসূচি সম্পন্ন করতে প্রচার প্রচারণার পাশাপাশি বিশেষ ক্যাম্পেইন হাতে নেয়া হয়েছে। এছাড়াও, মসজিদে, মসজিদে প্রচার প্রচারণা, মাইকিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাকিদের এই টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে।
